ভারতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন প্রথমে শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস এবং সরকারি নিয়োগে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের প্রতীকে পরিণত হয়েছে। রাজধানী নয়াদিল্লির জंतर মন্তর থেকে শুরু হওয়া এই আন্দোলনের প্রভাব মুম্বাই, পাটনা, গোয়া-সহ ভারতের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ভারতের তরুণ সমাজের একটি বড় অংশ শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
এই আন্দোলনের নেতৃত্বে উঠে এসেছে **ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party—CJP)** নামের একটি ছাত্র-যুব প্ল্যাটফর্ম। সংগঠনটির নামই একটি রাজনৈতিক প্রতীক। তাদের ভাষ্য অনুযায়ী, ককরোচ এমন একটি প্রাণী, যাকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হলেও সে আবার ফিরে আসে। সেই প্রতীক ব্যবহার করে আন্দোলনকারীরা বলতে চেয়েছেন, রাষ্ট্রীয় দমন-পীড়ন, গ্রেপ্তার কিংবা ভয়ভীতি দেখিয়ে তরুণদের ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবি কখনো স্থায়ীভাবে স্তব্ধ করা যাবে না। শিক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্নফাঁস বন্ধ, স্বচ্ছ নিয়োগব্যবস্থা এবং রাজনৈতিক জবাবদিহিতার দাবিকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মটি দ্রুত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শহরের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শুরুতে আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষা খাতে সংস্কার এবং পরীক্ষা ও নিয়োগে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। কিন্তু আন্দোলনের ওপর কঠোর প্রশাসনিক পদক্ষেপ, আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী পুলিশের বলপ্রয়োগ এবং প্রতিবাদ দমনের প্রচেষ্টা পরিস্থিতিকে আরও বিস্তৃত রাজনৈতিক বিতর্কে রূপ দেয়। এর ফলে আন্দোলনটি দিল্লির গণ্ডি পেরিয়ে পাটনা, মুম্বাই, গোয়া-সহ ভারতের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়ে। কৃষক সংগঠন, নাগরিক সমাজ, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পেশাজীবীর একাংশও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। ফলে এটি কেবল শিক্ষার্থীদের দাবির আন্দোলন না থেকে ধীরে ধীরে কর্মসংস্থান, প্রশাসনিক জবাবদিহিতা, গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্রের চরিত্র নিয়ে একটি বৃহত্তর জাতীয় আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।
সরকার আন্দোলন মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষার যুক্তি সামনে আনলেও আন্দোলনকারী ও সমালোচকদের অভিযোগ, পুলিশের কঠোর অভিযান, গ্রেপ্তার, ব্যারিকেড, ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং প্রতিবাদ সীমিত করার নানা পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে, গণআন্দোলনের প্রতি অতিরিক্ত বলপ্রয়োগ প্রায়ই অসন্তোষ কমানোর পরিবর্তে আরও বিস্তৃত সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারতের বর্তমান পরিস্থিতিও সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে। বরং অনেক ক্ষেত্রেই দেখা গেছে, আন্দোলন দমনের প্রতিটি প্রচেষ্টা নতুন নতুন মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং সরকারের প্রতি জনঅবিশ্বাসকে আরও গভীর করেছে।
এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—এ ধরনের ছাত্র-যুব আন্দোলনের সমাপ্তি কেবল দমন-পীড়নের মাধ্যমে সম্ভব নয়। আবার সরকার যদি সাময়িক কিছু ছাড়ও দেয়, তাতেও সমস্যার স্থায়ী সমাধান হবে না। কারণ আন্দোলনের মূল চালিকাশক্তি পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের চেয়ে অনেক গভীরে নিহিত। বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার একটি অংশ যখন পর্যাপ্ত কর্মসংস্থান, স্বচ্ছ নিয়োগব্যবস্থা এবং ন্যায্য প্রতিযোগিতার নিশ্চয়তা পায় না, তখন ক্ষোভ নতুন নতুন ইস্যুতে ফিরে আসবেই। জনসংখ্যার চাপ, দীর্ঘস্থায়ী বেকারত্ব, শিক্ষিত তরুণদের হতাশা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থার সংকট এই অসন্তোষকে আরও তীব্র করে তুলতে পারে। ফলে আজকের আন্দোলন থেমে গেলেও আগামী দিনে অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে একই ধরনের আন্দোলনের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আন্দোলনকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রশাসনিক সক্ষমতা। প্রশ্নফাঁস, নিয়োগে অনিয়ম, সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা এবং দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত। প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অতিরিক্ত কেন্দ্রীয়করণের কারণে অনেক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সমালোচকদের অভিযোগ। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, কার্যকর জবাবদিহিতা এবং প্রশাসনিক সংস্কার নিশ্চিত না হলে জনগণের আস্থা পুনর্গঠন কঠিন হবে। একই সঙ্গে কেন্দ্রীয়করণের পরিবর্তে অধিক প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা এবং স্বাধীন নজরদারি ব্যবস্থার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।
এই আন্দোলনের আরেকটি রাজনৈতিক তাৎপর্য হলো, এটি আবারও সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নকে নতুন করে আলোচনায় এনেছে। ধর্মীয় মেরুকরণকে কেন্দ্র করে রাজনীতি দীর্ঘদিন ধরে ভারতের মূল অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলো থেকে জনদৃষ্টি সরিয়ে রেখেছে। ধর্মীয় বিভাজন, পরিচয়ভিত্তিক রাজনৈতিক বক্তব্য এবং সামাজিক উত্তেজনা কখনও কখনও বেকারত্ব, শিক্ষা, মূল্যস্ফীতি, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের মতো মৌলিক প্রশ্নগুলোকে আড়াল করে দেয়। অন্যদিকে সরকার বরাবরই দাবি করে আসছে যে জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার স্বার্থেই তাদের নীতি পরিচালিত হচ্ছে। এই দুই বিপরীত অবস্থানের মধ্যেই বর্তমান রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে।
ভারতের গণতন্ত্রের সামনে আজ সবচেয়ে বড় প্রশ্ন হলো—রাষ্ট্র কি ভিন্নমতকে নিরাপত্তা-সংকট হিসেবে দেখবে, নাকি গণতান্ত্রিক সংলাপের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করবে? ছাত্র- যুব সমাজকে কেবল আইন-শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে দেখলে তা হয়তো স্বল্পমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা আরও ক্ষয় হওয়ার ঝুঁকি তৈরি করে। একটি আত্মবিশ্বাসী গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো ভিন্নমতকে দমন নয়, বরং আলোচনার মাধ্যমে মোকাবিলা করা। আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের বড় শহরে ছড়িয়ে পড়েছে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বৃদ্ধি করেছে। তবে ভারতের স্বাধীনতার পর গত প্রায় ৭৫ বছরে কেবলমাত্র গণবিক্ষোভের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা পরিবর্তনের সুস্পষ্ট নজির নেই। ফলে এই আন্দোলন সরকারকে রাজনৈতিকভাবে দুর্বল করতে পারে, নীতিনির্ধারণে চাপ সৃষ্টি করতে পারে এবং জনমতের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে এর কী প্রভাব পড়বে, তা নির্ভর করবে অর্থনৈতিক বাস্তবতা, বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য, আঞ্চলিক রাজনীতির গতিপ্রকৃতি এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
এই আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, এটি দেখিয়েছে যে বর্তমান প্রজন্মের কাছে শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়সংগত সুযোগ এবং মর্যাদাপূর্ণ জীবনের প্রশ্ন ক্রমেই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটি মৌলিক নাগরিক অধিকারের বিষয়ে পরিণত হচ্ছে। এই প্রজন্ম কেবল চাকরি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস, স্বচ্ছতা এবং জবাবদিহিতাও দাবি করছে। এই দাবিগুলো পূরণে ব্যর্থ হলে কেবল সরকার নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিও দীর্ঘমেয়াদে দুর্বল হতে পারে। যে বাস্তবতা এখন স্পষ্ট, তা হলো—যুবসমাজের ক্ষোভের শিকড় শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা এবং সমান সুযোগের প্রশ্নে প্রোথিত। এই সংকটের সমাধান লাঠিচার্জ, গ্রেপ্তার কিংবা রাজনৈতিক ও সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে সম্ভব নয়। প্রয়োজন বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, জবাবদিহিমূলক প্রশাসন, বৈষম্যহীন রাষ্ট্রনীতি এবং এমন একটি রাজনৈতিক সংস্কৃতি, যেখানে সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা নয়, গণতন্ত্রের স্বাভাবিক অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। অন্যথায় আজকের ছাত্র আন্দোলন হয়তো সাময়িকভাবে স্তিমিত হবে, কিন্তু একই ক্ষোভ নতুন প্রজন্মের হাত ধরে আবারও অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে নতুন রূপে ফিরে আসবে। ইতিহাস বলছে, কাঠামোগত সংকটের সমাধান ছাড়া আন্দোলন থেমে থাকে, কিন্তু তার কারণ কখনো বিলীন হয় না।